নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গায় বিএনপি নেতা সাইদুর রহমান বিটল ও তার সহযোগী- দের দ্বারা মসজিদের ইমাম হাফেজ মোঃ ইউসুফ আলী (২৮) কে মারধর ও তার বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী। সম্প্রতি নলডাঙ্গা থানার পাশে উপজেলা জামায়াতের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রব মৃধার সভাপতিত্বে ও মাওলানা আবু নওশাদ নোমানীর সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডঃ মোঃ জিয়াউল হক জিয়া, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আফতাব আলী , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ রায়হান আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠীর বিরুদ্ধে ২৪ এর গণঅভ্যুত্থান ছিল মূলতঃ স্বৈরাচারী শাসকগোষ্ঠীর জুলুম- নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার এক দুর্বার আন্দোলন। আমরা লক্ষ্য করছি আর একটি পক্ষ একই ধরনের কর্মকাণ্ডে মেতে উঠেছে। তারা যদি এ ধরনের অপকর্ম বন্ধ না করে তাদের পরিণতি হবে আরো ভয়াবহ। পরিশেষে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি কার্যকর করতে স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা ।