জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুরে ওসমান হারুনী (৪৮) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ইসলামপুরের ধর্মকুড়া বাজার এলাকার ফাজিল মাদরাসা সংলগ্ন নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওসমান হারুনী ওই এলাকার মাওঃ মো. মোতালেবের ছেলে। তিনি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার ইসলামপুর সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক ওসমান হারুনী কিছু দিন আগে কিডনি অপারেশন হয়েছিল। এরপর থেকে তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে পরিবারের লোকজন ঘরে না পেয়ে খোঁজাখোঁজির পর অন্য একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।