ফটিকছড়ি সংবাদদাতা : চারপাশে প্রতিবেশি আর স্বজনদের ভিড়। বিলাপ-সান্ত¡না কোনো কিছুই ছুঁয়ে যাচ্ছে না খতিজা আকতারকে। তিনি একেবারে নির্বাক। চোখে পানি নেই। বসতঘরের সামনে মাটিতে বসে শুধু ফ্যালফ্যাল চোখে এদিক-ওদিক তাকান। কিছুক্ষণ পরপর মূর্চা যাচ্ছিলেন। সবাই সান্ত¡না দেওয়ার বৃথা চেষ্টায়। কিন্তু কিছুতেই মনকে বুঝাতে পারছেন না তাঁর একমাত্র সন্তান ‘মাহিন’ আর নেই।
গতকাল শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামের একটি বাড়িতে গিয়ে দেখা যায় এমন হৃদয় বিদারক আর মর্মান্তিক দৃশ্য। আগেরদিন শুক্রবার খতিজা আকতার এবং লোকমান দম্পতির একমাত্র সন্তান মো. রিহান উদ্দিন প্রকাশ মাহিনকে (১৫) চুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। আহত করা হয় সমবয়সী মানিক, রাহাত ও মাহিনের বাবাকেও। মাহিনের বাবা মুহাম্মদ লোকমান বাড়ির পাশে একটি মুদির দোকান করেন। তিনি একমাত্র সন্তানকে হারিয়ে এখন পাগলপ্রায়। মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে আছে তাঁদের গ্রামের বাড়িটি। চোখ জলে ভিজে গেছে। যেন অধিক শোকে পাথর হয়ে গেছে সবাই। কাঁদতে কাঁদতে বাবা মুহাম্মদ লোকমান বলেন, ‘একে একে তিন ছেলে সন্তান জন্মের পর সবাই মারা যায়। দীর্ঘ প্রতিক্ষার পর আদরের মাহিন জন্ম নেয়। পরম যতেœ তাকে কোলে-পিঠে মানুষ করি। সপ্তম শ্রেণিতে পড়ার পাশাপাশি বাবাকে সহযোগীতা করে মাহিন বাবা-মায়ের আশ্রয়স্থল হয়ে ওঠে। কিন্তু এখন একমাত্র সন্তানকে হারিয়ে সব শেষ হয়ে গেছে তাঁর। চারপাশ শুধুই অন্ধকার দেখছেন। কিছুই বুঝতে পারছেন না তিনি।’ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চেঙ্গের ব্রীজের পাশে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মাহিন ওই এলাকার সাকর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। ঘটনার পর পুলিশ দুই যুবককে আটক করেছেন।