ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শতশত একর ফসলি জমি ও বসতবাড়ি। জিও ব্যাগ ডাম্পিং করেও ভাঙন রোধ করা যাচ্ছে না। গত কয়েক দিনে নদী ভাঙনের শিকার হয়েছেন শতাধিক পরিবার। এছাড়া ফসলি জমি হারিয়ে কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছে অনেক পরিবার। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় যমুনা নদীর বাম তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। তীব্র ভাঙানের কারণে কয়েকশ একর জমি নদী গর্ভে বিলীন হয়েছে। শতাধিক বাড়ি ঘর ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কারণে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার।
জামালপুরের ইসলামপুরের গুঠাইল ও উলিয়া গ্রামের বাসিন্দারা জানান, প্রতি বছরের মতো এ বছরও নদী ভাঙার কারণে ফসলি জমি হারিয়ে বিপদের মধ্যে আছি। চিন্তায় আছি কখন ভিটেবাড়ী নদীর ভাঙনে চলে যায়। কোন কাজ নেই। বেকার বসে আছি আর পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য কাসেম মোল্লা জানান, জিও ব্যাগ ডাম্পিং করা ভাঙন কমছে না। নদী ভাঙন রোধে আরো ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসককে জানানো হয়েছে।
অন্যদিকে প্রতিবছরের মতো এ বছরও ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর থেকে কোদাল ধোয়া হয়ে আইড়মারী পর্যন্ত এলাকা যমুনা নদীর ভাঙনে বিলীন হয়েছে। এরমধ্যে বাড়ীঘর,শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব জমির মধ্যে বিভিন্ন ফসল থাকায় কৃষকরা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন।
ইসলামপুর উপজেলার হামিদুল ইসলাম জানান, যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীনের মুখে রয়েছে ফসলী জমি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, কমিউনিটি ক্লিনিকসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা। হঠাৎ নদী ভাঙনের ফলে উঠতি ফসল ভুট্টা, মরিচ ও আখসহ অন্যান্য ফসলি জমি প্রতি নিয়ত বিলীন হচ্ছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো তৌহিদুর রহমান জানান, নদীভাঙন এলাকার খোঁজ নিয়েছি। দুটি এলাকায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং করছে। ক্ষতিগ্রস্থদেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা ও ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড জামালপুর জেলার নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান জানান,ইসলামপুর উপজেলায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে।