সম্মাননা প্রদান
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৩ জন সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মৎস্যচাষিদের মধ্যে একক পাঙ্গাস চাষে আদাবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদ মতিন মোল্লা, মনোসেক্স তেলাপিয়া মাছে মো. জাকির হোসেন ও কার্পজাতীয় মাছচাষে কালাইয়া ইউনিয়নের শাহবাজ হোসেন মিল্টন সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফলে অতিরক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ঝান্টা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা ইসাহাক, জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সফল মৎস্যচাষি জাকির হোসেন মৃধা। এছাড়াও সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু রায়হান, কৃষি কর্মকর্তা মিলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সেলিম খানের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বিকেলে উপজেলার গালিমখাঁ বাংলা বাজার বেরিবাঁধ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মতলব উত্তরের পিআইও সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে উঠেছে। সরকারি বরাদ্দকৃত কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাগজে-কলমে শতভাগ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে মাত্র ২০-২৫ শতাংশ কাজ হয়েছে। কিন্তু পুরো অর্থ উত্তোলন করা হয়েছে।
মাসিক সভা
সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম মণ্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, আহ্বায়ক সামছুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইদুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হকসহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।