দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: সংসারের অভাব-অনটন ছাপিয়ে মোবাইল গেমে আসক্তিই কেড়ে নিল এক যুবকের প্রাণ। কুমিল্লার দাউদকান্দিতে ২৯ এপ্রিল সন্ধ্যায় ‘ফ্রি ফায়ার’ গেম খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে অভিমান করে আত্মহত্যা করেছেন মাহবুব মিয়া (২৪) নামে এক অটোরিকশাচালক। নিহত মাহবুব মিয়া জেলার মুরাদনগর উপজেলার নোয়াপুষ্কুনী গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি স্ত্রী সানজিদা আক্তার ও তাদের এক সন্তানকে নিয়ে দাউদকান্দির আঈাউড়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব পেশায় অটোরিকশাচালক হলেও বেশ কিছুদিন ধরে তিনি কাজকর্মে অমনোযোগী হয়ে পড়েছিলেন। সারাদিন অটোরিকশা না চালিয়ে ঘরে বসে মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেমে মত্ত থাকতেন তিনি। বুধবারও এর ব্যতিক্রম হয়নি। সংসারের খরচ ও খাবারের সংস্থান না করে সারাদিন গেম খেলায় মত্ত থাকায় স্ত্রী সানজিদা আক্তার তাকে বাধা দেন। এ সময় ঘরে রান্নার কিছু নেই উল্লেখ করে সানজিদা তাকে কাজে যাওয়ার তাগিদ দেন। স্ত্রীর এই বাধায় ক্ষুব্ধ ও অভিমানী হয়ে মাহবুব ঘরের খুঁটির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। কান্নাজড়িত কণ্ঠে সানজিদা আক্তার বলেন, “গাড়ি না চালিয়ে উনি প্রায়ই মোবাইলে গেম খেলতেন। আমি শুধু বলেছিলাম- ঘরে রান্নার কিছু নেই, কাজ না করলে আমরা কী খেয়ে বাঁচব? এইটুকুই ছিল আমার অপরাধ।” খবর পেয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। মানসিক অবসাদ বা যেকোনো সংকটে নিজের জীবনের চরম সিদ্ধান্ত নেয়ার আগে কাছের মানুষ বা বিশেষজ্ঞের সহায়তা নিন। আত্মহত্যা কোনো সমাধান নয়।