টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দী থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় যৌথবাহিনী দুইজন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি ভুক্তভোগী বরাতে জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।