পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্য ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান ২০২৩-২৪ অর্থবছরে ভূয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ, জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়, গ্রাম আদালতের ফি চারগুণ পর্যন্ত বৃদ্ধি, টিসিবি কার্ডের পণ্য আত্মসাৎ, ভিডব্লিউবি কর্মসূচিতে অর্থের বিনিময়ে কার্ড বিতরণ এবং এলজিএসপি ও হাট-বাজার উন্নয়ন প্রকল্পের টাকা ভুয়া বিল-ভাউচার দেখিয়ে আত্মসাৎ করেছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান ইউপি সদস্যদের উপেক্ষা করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন। এতে ইউনিয়নবাসী সরকারি সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা দ্রুত তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহিনুর বেগম, মেরিনা বেগম, মোঃ শাহ আলম সরকার, বাবু, গোলাম রসুল ও উজ্জ্বল প্রমুখ।