সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : বৈশাখের তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। দিনরাত সমানতালে বিদ্যুৎ বিভ্রাটে স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। এতে এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, সাংবাদিকতা সবখানেই তীব্র লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গরম যত বাড়ছে, লোডশেডিংয়ের ভোগান্তি তত বাড়ছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। উপজেলার শহরাঞ্চল যেমন তেমন থাকলেও গ্রামগুলোর অবস্থা আরও ভয়াবহ। গ্রামের বাসিন্দারা জানান, বিদ্যুৎ যে কখন আসে, সেটাই তো বলতে পারবো না। তাহলে বুঝেন গ্রামের মানুষের কতটা খারাপ অবস্থা।

হাসপাতাল এমনকি ক্লিনিকগুলোতেও লোডশেডিংএ রোগীদের অবস্থা ভয়াবহ। সখিপুর উপজেলা রোডের আল ইহসান ক্লিনিকের ৩য় তলায় ভর্তি বুলবুলি আক্তার বলেন, হাসপাতালে বিদ্যুৎ থাকে না বলে ক্লিনিকে ভর্তি হলাম, এখানেও বিদ্যুৎ সমস্যা। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন জ্বালানি সংকটের কারণে জেনারেটর চালাতে পারছি না। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চাহিদার তুলনায় অনেক কম মেগাওয়াট পাওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তাও বলতে পারছে না বিদ্যুৎ বিভাগ। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এক থেকে দেড় ঘণ্টা পরপর আটবার লোডশেডিং হয়েছে। সর্বশেষ বিকেল ৩টা ৪০ মিনিটে বিদ্যুৎ চলে যায়, আসে সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ বার লোডশেডিং হয়েছে।

এসএসসি পরীক্ষার সময় দিন-রাত মিলে ১৫-১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। পরীক্ষা চলাকালেও এক-দেড় ঘণ্টা লোডশেডিং হয়ে থাকে। তীব্র গরমে পরীক্ষার হলে বসে থাকা মুশকিল হয়ে পড়ে। সখিপুর উপজেলার পৌর এলাকায় একে তো প্রচ- গরম, তার ওপর ১৫-১৬ ঘণ্টা লোডশেডিং। এ কারণে পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারছেন না পরীক্ষার্থীরা। রাতে-দিনে কোনো সময়ই পড়া শোনা করা যাচ্ছে না। জরুরি এর সমাধান দরকার বলে জানান পরীক্ষার্থীরা।