দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুচ্ছিার দৌলতপুরে গুলিবর্ষণ করে সাইফুল ইসলাম (৪০) নামে একজন ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজার সংলগ্ন এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে। অপহৃত ব্যবসায়ী বৈরাগীরচর গ্রামের মৃত মিরাজ মালিথার ছেলে এবং সে গবাদিপশুর ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সাইফুল ইসলাম রাতের খাবার শেষে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী বৈরাগীরচর বাজারে যাওয়ার সময় ৭-৮ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরন করে। এসময় অপহরণকারী সন্ত্রাসীরা আতঙ্ক ছড়াতে পরপর দুই রাউন্ড গুলি বর্ষণ করে। পরে সন্ত্রাসীরা অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে পদ্মা নদীতে রাখা স্পিডবোড যোগে দ্রুত চলে যায়। অপহরণকারী বৈরাগীরচর বাজারের নিচে পদ্মা নদীতে স্পিডবোড যোগে এসে সেখানে স্পিডবোড রেখে ঘটনাস্থলে অবস্থান নেয় বলে স্থানীয়রা জানায়।

অপহৃত সাইফুল ইসলামের ছেলে মুন্না (১৯) জানায়, একই এলাকার দিদার মণ্ডলের ছেলে মিশনের নেতৃত্বে অপহরণের ঘটনা ঘটেছে। মিশন প্রথমে তার বাবা সাইফুল ইসলামকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে ৭-৮জনের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়ে তারা বাবাকে অস্ত্রের মুখে অপহরণ করে নদীতে নিয় যায় এবং সেখানে রাখা স্পিডবোডে করে তারা দ্রুত চলে যায়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল এসে বাবার গায়ের গেঞ্জি সহ অন্যান্য পোশাক উদ্ধার করে।