ঈদগাঁও, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও বাজারের প্রধান কাপড়ের গলিতে রাস্তা নির্মাণে উল্টো স্লোপ দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর পানি জমে তৈরি হচ্ছে চরম জনদুর্ভোগ। এতে মুসল্লি, ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের চলাচলে নেমে এসেছে ভোগান্তির সীমাহীন চিত্র।
ব্যাবসায়ীদের অভিযোগ, রাস্তা নির্মাণকাজে প্রয়োজনীয় পরিকল্পনা ও কারিগরি দক্ষতার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা না রেখে উল্টো ঢাল দেওয়ায় বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারছে না। বরং রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে কাদাপানির সৃষ্টি হচ্ছে।
তারা আরও জানান, রাস্তা নির্মাণকালীন সময় বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও তখন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে কাজ শেষ হওয়ার পর এখন সাধারণ মানুষকে এর খেসারত দিতে হচ্ছে।
বিশেষ করে বাজারে আগত ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী এবং নামাজে আসা মুসল্লিরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন। পানি জমে থাকার কারণে অনেকে পড়ে গিয়ে আহত হওয়ার আশঙ্কাও রয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কাজ গ্রহণ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।