স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। রোববার (৫ অক্টোবর ২০২৫) সকালে গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরে জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি ব্রির প্রশাসন ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধানভিত্তিক খামার বিন্যাস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, ড. মো. ইব্রাহিম। এতে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক, ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা), ড. মো. রফিকুল ইসলাম।

আলোচনা সভায় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্রি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে নতুন জাত উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে ব্রি নিরলসভাবে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে যে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলা করে নির্দিষ্ট পরিমাণ জমিতে অধিক ধান উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, উচ্চ ফলনশীল ধানজাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তির বিস্তার ঘটিয়ে কৃষিকে আরও উৎপাদনমুখী করতে হবে। জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য উৎপাদনের সামঞ্জস্য রক্ষা করাই এখন সময়ের দাবি।

আলোচনা শেষে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান প্রশাসন ভবনের সামনে ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপর দেশ ও জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং ইনস্টিটিউটে কার্যরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে ব্রি এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ ১২১টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে, যা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে অসামান্য অবদান রাখছে।