গাইবান্ধা সংবাদদাতা : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গত সোমবার গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, এনজিও প্রতিনিধি সাংবাদিক আফতাব হোসেন প্রমুখ।
এর আগে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেয়।
নীলফামারী : ডিমলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা, অগ্নিনির্বাপণ মহড়া এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে - “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”
দিনব্যাপী এ কর্মসূচির শূরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শওকত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরেন্দ্র নাথ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ প্রমুখ।
পরে উপজেলা মাঠে ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি নিরসন ও আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দুর্যোগ মোকাবিলায় সকলের সমন্বিত উদ্যোগই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখতে।”
হাটহাজারী : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সম্প্রতি হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধার তৎপরতা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান।
মহড়ায় অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনগণ। অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ড প্রতিরোধ, দ্রুত নিবারণ ও নিরাপদে আশ্রয় গ্রহণের কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।