বাংলাদেশ জামায়ায়তে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াত কোনো রক্তচক্ষুকে ভয় করে না, সকল হুমকি-ধমকি উপেক্ষা করে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করার জন্য জামায়াত ইসলামীর সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গত শুক্রবার চন্দনাইশ উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চন্দনাইশ জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত এই যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর (উত্তর) সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, সেক্রেটারি উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন, দরসে কুরআন পেশ করেন অধ্যাপক আমিরুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর আমীর কাজী মাওলানা কুতুব উদ্দিন, বায়তুলমাল সম্পাদক আব্দুল খালেক নেজামী ও দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলী ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান বক্তার বক্তব্যে ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেন, আমরা ৩৬ জুলাই আন্দোলনের মাধ্যমে ১৭ বছর থেকে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগকে তাড়াতে সক্ষম হয়েছি, এখন জাতির আকাক্সক্ষা হচ্ছে ৩৬ জুলাই চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করা। কিন্তু একটি গোষ্ঠী বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করার জন্য আওয়ামী লীগের সুরে কথা বলছেন।আমরা বাংলাদেশের নাগরিক এখন অনেক সচেতন,নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তার পরিনতিও ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের মতো হবে । আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।