রামু (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের রামু উপজেলা থেকে গর্জনিয়া বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে চরম দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সড়কটির কোনো উল্লেখযোগ্য সংস্কার না হওয়ায় এটি এখন এলাকাবাসীর কাছে ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিতি পেয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কজুড়ে প্রতি ১০ থেকে ১৫ হাত পরপর বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে ইট ও মাটির স্তর বের হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এসব গর্ত পানিতে ভরে থাকায় বিপদ আরও বাড়ে চালকরা গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রায়ই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় রোগী বহনকারী যানবাহন মাঝপথে আটকে যায় বা দুর্ঘটনায় পড়ে।

একাধিক পরিবহন চালক জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আহত হওয়ার ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন তারা।

এলাকাবাসীর ভাষ্য, বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে সড়কটি সংস্কারের আশ্বাস দেয়া হলেও তা বাস্তবে রূপ নেয়নি। ফলে জনমনে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করা মানেই জীবনের ঝুঁকি নেয়া।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, অবিলম্বে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রামু-গর্জনিয়া সড়কের দ্রুত সংস্কার এখন সময়ের দাবি।