দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন।
গত ২৭ আগস্ট বিকালে তিনি নদীর ইজারাকৃত বালু মহাল, রাবারড্যাম ও আশপাশের এলাকা পরিদর্শনকালে এ নির্দেশ দেন।
ডিসি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ইজারাদারকে ড্রেজার মেশিন সরিয়ে নিতে হবে এবং নীতিমালা মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালু উত্তোলন করতে হবে। রাবারড্যামের সুরক্ষায় দু’পাশে বাঁশের ব্যারিকেড দেওয়ারও নির্দেশনা দেন তিনি।
রাবারড্যামের ক্ষতির বিষয়ে তিনি বলেন, তদন্তে প্রমাণ মিললে ক্ষতিপূরণ বহন করতে হবে ইজারাদারকে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, ইউএনও অরূপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ড্রেজার জব্দ ও একজনকে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।