বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীর পৌরসভার মিয়ার বাজার এলাকায় প্রধান সড়কে ডেম্পার ট্রাক চাপায় মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ রিয়াদ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাগিচা পাড়া এলাকার মোঃ মনসুর এর ৪র্থ পুত্র।
গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পৌরসভার মিয়ার বাজারের কাঁচাবাজারের সামনে মর্মান্তিক এঘটনা ঘটেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিয়াদ একজন মিয়ার বাজারের সবজি ব্যবসায়ী। তার বাবা মনসুর আলমও সবজির দোকান করেন। ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, ঘাতক ডেম্পার ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় গুনাগরী এলাকা থেকে ট্রাকটি আটক করে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।