খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মোঃ আবুল কালাম ওরফে কালু (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি খোকসা থানাধীন বনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবুল কালাম কালু বনগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। তিনি খোকসা থানার মামলা নং-০৪/৮৬, তারিখ ২২ জুলাই ২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডের আসামী।

এছাড়া কালু পাবনা জেলার বেড়া থানার একটি চাঁদাবাজি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, বর্তমানে জামিনে রয়েছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ মোট ১০টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই কালু এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। অবশেষে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।