নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া গ্রামের উত্তর পাড়ায় ডাকাতিয়া নদীতে এম এস আবুল কালাম আজাদ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে বিশাল আকার ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদে শনিবার নদির পাড়ে বিক্ষোভ করেছে স্থানীয় শত-শত নারী-পুরুষ। এসময় হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ ফোরকান। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এম এস আবুল কালাম আজাদ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি এম রুবেল। ছাত্রলীগ নেতা এম রুবেলের সাথে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বাঙ্গালী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মেম্বার ও আওয়ামীলীগ নেতা সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুলের নেতৃত্বে ২৫-৩০ জনের বিএনপি-আ’লীগের একটি সিন্ডিকেট এ মাটি বিক্রির সাথে জড়িত বলে দাবি নদীপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের। ইতিপূর্বে নদী থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তুলে স্থানীয়দের কাছে প্রায় ৭৬ লাখ টাকার মাটি বিক্রি করেছে বলে দাবি করেন সাতবাড়িয়া গ্রামের আবুল কালাম-সহ বিক্ষোভকারীরা।
নদী পাড়ের বাড়ি ও জমির মালিকগণ বলেন, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা সিন্ডিকেট গড়ে এই মাটি খনন করছে এবং তা বিক্রি করছে। এরআগেও উপজেলা যুবলীগ সহ-সভাপতি সেলিমের নেতৃত্বে বালু উত্তোলন হয়েছিল। এবার বিএনপি নামধারী নেতাকর্মীরা একই কাজ করছে। অথচ এতে শতশত পরিবার ভোগান্তিতে পড়ছে। নদী থেকে উঠানো মাটি স্থানীয় ১০-১২ জনের কাছে প্রায় ৭৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে৷ আমাদের ঘরবাড়ি হুমকিতে ফেলে তারা ব্যবসা করছে, আমরা এ ঘটনার বিচার চাই।