ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭সেপ্টেম্বর) রাতে আল্লামা সাঈদী ফাউন্ডেশন সভা কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমির মাওলানা ইছাহাক আলী খান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক দিলীপ মিস্ত্রি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অরবিন্দ রায়সহ জামায়াতে ইসলামী ও সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেছেন, জামায়াতে ইসলামী ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নীতিতে বিশ্বাসী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নীতিতে নয়। কোনো অসাম্প্রদায়িকতা, দাঙ্গা-হাঙ্গামা বা পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গি নীতিতে ইসলাম বিশ্বাস বা সমর্থন করে না। আর জামায়াতে ইসলামী ইসলামের কুরআন ও সুন্নাহর নীতি ও আদর্শ মেনে চলে এবং সেই আলোকে কাজ করে যাচ্ছে। পৃথিবীতে যত ধর্ম আছে এবং তাদের অনুসারীরা ধর্মীয় রীতিনীতি মেনে চলবে এতে মুসলমানরা হস্তক্ষেপ করবে না, করলে তা হবে কুরআন ও সুন্নাহ পরিপন্থি কাজ।