দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। প্রতিদিনই দল বেঁধে ঘোরাফেরা করছে এসব কুকুর। এতে চরম আতঙ্কে রয়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয়রা জানান, পৌরসভার বিভিন্ন সড়কে দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ কুকুর। রাতে হঠাৎ আক্রমণের ঘটনা ঘটছে বলে খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার কার্যকর ব্যবস্থা নেওয়ায় জন্য দাবি করেছেন এলাকাবাসী।

অভিভাবক জসিম উদ্দিন মাহমুদ জানান, রাস্তায় কুকুর এত বেশি যে যেকোনো সময় কামড়ে দিতে পারে। গত সপ্তাহে আমার ছেলেটি স্কুলে যাওয়ার পথে অনেকগুলো কুকুর দেখে ভয়ে অন্য বাড়িতে গিয়ে ফোন করে আমাকে ডাকতে বাধ্য হয়েছে।”

শিক্ষক জাকির হোসেন বলেন, গত বছরও দাউদকান্দিতে শিক্ষার্থীদের ওপর কুকুরের আক্রমণ ঘটেছিল। “এখনই ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, “বেওয়ারিশ কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি রয়েছে। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে এসে টিকা নেওয়া জরুরি। আমরা প্রতিদিনই এ ধরনের রোগীদের চিকিৎসা দিচ্ছি।”

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) মো. রেদওয়ান ইসলাম বলেন, “বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের জন্য পৌরসভা উদ্যোগ নিচ্ছে। পশু চিকিৎসা বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কুকুর নিধন বা নির্বীজনের কার্যক্রম চালু করা হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে উচ্চপর্যায়ের অনুমোদন প্রয়োজন।