কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : “সম্প্রীতি ও সহাবস্থানের দেশ গড়ার” আহ্বান নিয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার কাকশিয়ালী ব্রিজের পূর্ব পাশে বাজারগ্রাম ঋষিপাড়ায় জামায়াতে ইসলামী কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখা আয়োজিত এ মতবিনিময় সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন— “বাংলাদেশের সকল মানুষ মিলেমিশে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবেÑএই লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা। ভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক, তাই একসাথে দেশ গড়তে হবে। বিগত সময়ে আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্রিয় বাহিনীকে ব্যবহার করে আমাদের কণ্ঠরোধ করা হয়েছে। নাগরিক অধিকার হরণ কারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ অব্যাহত থাকবে।

কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের ১নং ওয়ার্ডের সভাপতি নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক অব্দুল ওহাব সিদ্দিকী, এছাড়া প্রেসক্লাব সেক্রেটারি সুকুমার দাশ বাচ্চু সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও বিশ্বাসের মধ্য দিয়েই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জামায়াতে ইসলামীর নেতদেরকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মতবিনিময় ও সম্প্রীতির আহ্বান সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নানা স্তরের মানুষ উপস্থিত থেকে মুক্ত আলোচনা করেন এবং সম্প্রীতি রক্ষায় সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।