রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : ‎লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেত্রী ও বামনী ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নাছিমা আক্তারের বিরুদ্ধে মুজিববর্ষের উপহার ঘর বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

উপজেলার বামনী বাংলাবাজার পালবাড়ি আশ্রয়ন প্রকল্পের ৩৮ নম্বর সরকারি ঘরটি দু’দফায় বিক্রি করে নাছিমা মেম্বার প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেন।

স্বামী পরিত্যক্তা অসহায় ভুক্তভোগী কিরন কেঁদে কেঁদে গণমাধ্যমকে বলেন, ‎“মানুষের বাড়ি-বাড়ি কাজ করে কিছু টাকা জমিয়ে বছর দেড়েক আগে কুলসুমার কাছ থেকে ৫০ হাজার টাকায় ঘরটি ক্রয় করি। পরে নাছিমা মেম্বার এসে বলেন, এটা তার কোটার ঘর। এঘরে থাকতে হলে ২০ হাজার টাকা দিতে হবে। বাধ্য হয়ে লোকজনের বাসায় কাজ করে সেই টাকা দিই। এখন ঘর থেকে উচ্ছেদের ভয় দেখানো হচ্ছে। স্বামী নেই, কেউ নেই—আমি কোথায় যাবো?”

বিক্রেতা কুলসুমা আক্তারও অভিযোগ করেন, “ঘর পেতে নাছিমা মেম্বার আমাকে ৫০ হাজার টাকা দিতে বলেছেন । আমি নাছিমা মেম্বারের হাতে-পায়ে ধরে নগদ ৩০ হাজার টাকা দিয়ে ঘর বুঝে পাই। পরে কিরনের কাছে বিক্রি করি। কিন্তু মেম্বার তার কাছ থেকেও ২০ হাজার টাকা নিয়েছেন। এক ঘর থেকে দুইজনের কাছ থেকে নাছিমা মেম্বার মোট ৫০ হাজার টাকা নিয়েছেন।

শুধু ওই একটি ঘর নয়—আশ্রয়নের আরও বেশ কিছু ঘর (২২ ও ৯৩ নম্বরসহ) বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতারা দলীয় প্রভাব খাটিয়ে নগদ টাকার বিনিময়ে যাদের ঘরের দরকার নেই, তাদেরকে ঘর দিয়েছেন। পরে সেগুলো মোটা অংকের টাকায় বিক্রি হয়ে গেছে। অথচ প্রকৃত অসহায় মানুষ ঘর পায়নি।

জাহানারা বেগম নামের এক বৃদ্ধা বলেন,

“আমার থাকার জায়গা নেই। অন্যের নামে পাওয়া একটি ঘরে আছি। ঘর মালিক এখন বিক্রি করতে চাইছে, আমাকে বের করে দেবে। অথচ আমি এখনও একটি সরকারি ঘর পাইনি।”