মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। সেই ভোটাধিকার ফিরিয়ে দেবেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে।”

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ড্যাব সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, “মনোনয়ন পেলে ও নির্বাচিত হলে মতলবের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনে এটিকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব।”

এসময় তিনি চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।