আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিমে আব্দুর রশিদ নামের এক মৎস্য ব্যবসায়ীর লিজকৃত পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পান। বেলা ১১টায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শফিকুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করেন। মৃত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলা ছাতিয়ানগ্রাম ইউপির দারিকুঁড়ি গ্রামের জসিম উদ্দিন প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার মন্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিমে লিজকৃত পুকুর পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। প্রতিদিনের ন্যায় রাতে শফিকুল ইসলাম আব্দুর রশিদের ওই পুকুর পাহারা দিচ্ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে পুকুর পাহারাদার শফিকুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কয়েকবার কল দেন মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ। তার মোবাইল ফোন রিসিভ না হওয়ায় সে ওই পুকুরে এসে দেখেন শফিকুল ইসলামের ভাসমান লাশ অবস্থায় রয়েছে।