নারায়ণগঞ্জ সংবাদদাতা: মাদক সেবনে বাঁধা দেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূণর্বাসন কেন্দ্র এলাকায় ৫ মাসের অন্তঃসত্ত্বা বিথী আক্তারের উপর হামলা চালিয়ে গর্ভের সন্তানকে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী বিথীর পরিবার। রূপগঞ্জ থানা পুলিশ অন্তঃসত্ত্বা বিথী আক্তারের উপর হামলাকারী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আমির, বশির, রশিদ ও নয়নকে গ্রেফতার না করায় ঐ সন্ত্রাসীরা মামলা তুলে নিতে প্রকাশ্যে ভুক্তভোগী বিথী, তার স্বামী, বাবা, মা এবং ভাইসহ পরিবারের সবাইকে হত্যার হুমকী দিচ্ছে। ভুক্তভোগী বিথী আক্তার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আমির, বশির, রশিদ ও নয়নকে গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী বিথী আক্তার সাংবাদিকদের জানান, গত ১৬ এপ্রিল দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূণর্বাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ডের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আমির, বশির, নয়ন ও রশিদসহ একদল মাদকসেবী বিথী আক্তারদের বাড়িতে বসে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক সেবনে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বিথীকে এলোপাতাড়ি মারধর করে এবং তার পেটে লাথি দিলে গর্ভে থাকা পাঁচ মাসের সন্তান নষ্ট হয়ে যায়। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা সন্তান নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় গৃহবধূ বিথী আক্তারের খালা মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। ফলে সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে অব্যাহত হুমকী দিচ্ছে। শুধু তাই নয়, সন্ত্রাসীরা ভুক্তভোগী বিথী আক্তার, তার স্বামী, বাবা, মা এবং ভাইসহ পরিবারের সবাইকে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ভাসিয়ে দেয়ার হুমকী দিচ্ছে। ভুক্তভোগী বিথী আক্তার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আমির, বশির, রশিদ ও নয়নকে গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে নারায়গঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।