খুলনা (দিঘলিয়া) সংবাদদাতা : গত ২৩ আগস্ট সকালে দিঘলিয়া পূর্ব থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও দিঘলিয়া পশ্চিম থানা শাখার সভাপতি হাফেজ তরিকুল ইসলামের পরিচালনায় সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও খুলনা মহানগরী ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ তোমরা অনেক সাধনা করে জিপিএ এ+ পেয়ে নিজেকে গৌরবের আসনে বসাতে পেরেছো তেমনি নিজেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, অতীত সময়ে আমরা দুর্নীতির মহাসমুদ্র দেখেছি। রাষ্ট্রের এমন কোনো সেক্টর ছিল না যেখানে দুর্নীতিগ্রস্ত ছিলনা। আর এই দুর্নীতিগুলো সংগঠিত হয়েছিল বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ব্যক্তিরাই। দেশকে ভেতর থেকে ধ্বংস করা এই দুর্নীতিগ্রস্ত লোকের মেধা থাকলেও ইসলামী নৈতিকতা না থাকার কারনেই সকল অপকর্মগুলো করতে পেরেছে।
উক্ত এ+ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেনঃ তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। এদেশকে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। এজন্য আরও বেশি অধ্যাবসয়ী হতে হবে। মেধা ও নৈতিকতা দিয়ে দেশ পরিচালনা করলে এদেশ হবে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ।