সুন্দরবনে ভ্রমণে এসে সাগরে ডুবে নিখোঁজ হয়েছে মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর পর্যটক। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর সমুদ্রসীমার কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহিত ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। পরিবারসহ ঘুরতে এসে তিনি এ দুর্ঘটনার শিকার হন। বর্তমানে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা তাকে উদ্ধারে যৌথ অভিযান চালাচ্ছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শনিবার সকালে ঢাকা থেকে আসা ৭৫ জন পর্যটক নিয়ে ‘এমভি দি এক্সপ্লোরার’ নামের একটি জাহাজ কচিখালী এলাকায় নোঙর করে। এরপর পর্যটকরা নৌকাযোগে ডিমেরচর সীবিচের দিকে ঘুরতে যান।

মিজানুর রহমান আরও জানান, ঘোরাঘুরির এক পর্যায়ে মাহিত আব্দুল্লাহ তার বাবা-মায়ের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। হঠাৎ করে তিনি গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে জাহাজের কর্মী ও বনরক্ষীরা উদ্ধার প্রচেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।