বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী জেনারেশন কাজী মোঃ খালেদ (কিউ. এম. খালেদ) গতকাল সোমবার রাত পৌনে দু’টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সৈয়দা ফরিদা বেগম, পুত্র কিউ এম শাহেদ, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম কাজী মোঃ খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকৌশলী কাজী মোঃ খালেদ ১৯৫৮ সনে সাবেক ইলেকট্রিসিটি ডাইরেক্টরেটের অধীনে ঢাকা বিদ্যুৎ সরবরাহে সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ প্রকৌশলী হিসেবে সুপরিচিত ছিলেন। চাকরিজীবনে তিনি খুলনা, ঘোড়াশালসহ প্রমত্তা যমুনা নদী ভেদকারী বহুল আলোচিত ইস্ট-ওয়েস্ট ইন্টারকানেক্টর প্রজেক্টে গুরুত্বপূর্ণ পদে আসীন হন এবং সর্বশেষ প্রধান প্রকৌশলী, জেনারেশন হিসেবে ১৯৯৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। প্রকৌশলী কাজী মোঃ খালেদ বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। গুলশান আজাদ মসজিদে বাদ যোহর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।