সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ কারিকর পাড়া ঈদগাহ মাঠ হয়ে ভদ্রাবতী নদী পর্যন্ত প্রায় আড়াই কি.মি. খুবই গুরুত্বপূর্ণ ও জনবহুল একটি রাস্তা।
বিয়াশ চক আদিত্য, কারিকর পাড়া, মীরপাড়া, মিস্ত্রিপাড়া ও খোয়ার পাড়া এই ৫ পাড়ার প্রায় ৩ হাজারের অধিক পথচারী এ রাস্তা দিয়ে যাতায়ত করে। এখানকার প্রায় শতাধিক শিক্ষার্থী এ রাস্তা দিয়েই স্কুলে যায়। এছাড়া চলনবিলের মাঠ থেকে ধান ও কৃষিপণ্য আনা-নেওয়ার এটাই একমাত্র রাস্তা।
স্থানীয় ভুক্তভোগীরা জানায়, আজ থেকে ১০ বছর আগে নিজেরা চাঁদা তুলে রাস্তা নির্মাণ করেছেন। রাস্তা নির্মাণের পর থেকে পাকা করণের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন ফলাফল পাননি। তাই রাগে ক্ষোভে বৃষ্টিতে ভিজে রাস্তা পাকাকরণের দাবি জানান গ্রামবাসী।
আজ মঙ্গলবার দুপুরে বৃষ্টির মধ্যে ওই গ্রামের শতাধিক মানুষ কাঁদা রাস্তায় দাঁড়িয়ে এ দাবি জানান।
ভুক্তভোগী চকআদিত্য গ্রামের আনিছুর, আঃ মতিন, মহসিন ও স্কুল শিক্ষক ইসমাইল জানান, বিগত সরকারের সময় জনপ্রতিনিধিরা প্রতিবারই ভোটের আগে রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
তাই রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য আমরা বর্তমান সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।