আমজাদ হোসেন, পার্বতীপুর থেকে: পার্বতীপুর উপজেলা সীমান্ত ঘেষা হাসিনা নগরের সেনা পল্লী মাঠে খোলাহাটী ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে লটারী, হাউজি ও জুয়ার মেলা উদ্বোধন করেছেন পার্বতীপুর-বদরগঞ্জ দুই উপজেলার বিএনপি’র নেতারা। এ মেলায় লটারী, হাউজি ও জুয়ার পাশাপাশি অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে পার্বতীপুরের সর্বস্তরের সচেতন জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মানুষ খেটে খাওয়া কৃষি কাজের উপর নির্ভরশীল। এমনিতেই এ সময় কাজকর্ম কম থাকায় অভাব অনাটনে ধার-করজার উপর নির্ভর করে দিন চলছে। সংসার চালাতে অনেকেই হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় গত ১৮ আগষ্ট বদরগঞ্জ উপজেলার পশ্চিম সীমান্তে পার্বতীপুর উপজেলার পূর্ব সীমান্ত ঘেষা হাসিনা নগরে সেনা পল্লীর মাঠে খোলাহাটী ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে লটারী, হাউজি ও জুয়ার মেলা উদ্বোধন করা হয়। এ মেলার গেটে ফিতা কেটে মেলাটি উদ্বোধন করেন বদরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অবসর প্রাপ্ত অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সহসভাপতি সাবেক চেয়ারম্যান মো: অহিদুল হক সরদারসহ বদরগঞ্জ-পার্বতীপুর উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলের বিভিন্ন সারির নেতাদের মেলা মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দিতে দেখা যায়। মেলায় লটারী, হাউজি, জুয়া চলার কারণে বদরগঞ্জ-পার্বতীপুর উপজেলাসহ বদরগঞ্জ সীমান্ত সংলগ্ন বিভিন্ন উপজেলায় রোড রবারিং, চুরি ডাকাতি, ছিন্নাতাইসহ আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটার আশঙ্খা করছেন এলাকার সচেতন মহল।