পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : চলমান বিদ্যুৎ পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ’র সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার পাটকেলঘাটাস্থ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আজিজুর রহমান সরকার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, বর্তমান গরম মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু এলাকায় সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। তিনি জনগণের দুর্ভোগ লাঘবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, তালা ও কলারোয়া উপজেলার সাধারণ মানুষ যেন স্বল্প ভোগান্তিতে বিদ্যুৎ সেবা পায়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কোথাও লোডশেডিং বা লাইনের ত্রুটি দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও সেবার মান বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। সভায় বিদ্যমান বিদ্যুৎ পরিস্থিতি, অতিরিক্ত লোড, ট্রান্সফরমারের সক্ষমতা বৃদ্ধি, নতুন সংযোগ, লাইন সংস্কার এবং ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের দ্রুত মেরামতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক,উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক খান, সেক্রেটারি অধ্যাপক ইয়াসিন আলী, শিল্পপতি ডক্টর তৈয়বুর রহমান, মাওলানা রেজাউল করিম, হাফেজ শাহ আলম প্রমুখ।

এসময় পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা বিদ্যুৎ সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং জনগণের ভোগান্তি কমাতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।