কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে ডেভিল হান্ট মামলায় আটক আওয়ামী লীগ কর্মীর ছবি ও ভিডিও ফুটেজ নেওয়ায় বাধা প্রদান করেছেন কুমারখালী থানার সদ্য যোগদানকৃত ওসি খন্দকার জিয়াউর রহমান। শনিবার থানা থেকে আদালতে সোপর্দ করার সময় ওই আসামির ছবি তুলতে গেলে এ ঘটনা ঘটে।
ছবি তুলতে না দেওয়ায় কুমারখালীর সাংবাদিকদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ দেখা দিয়েছে। কেন ছবি তোলা যাবে না, এমন প্রশ্নের জবাবে থানা থেকে জানানো হয় ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করার সময় ওই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে উঠে, এ সময় দুজন কনস্টেবল যারা ছাত্রলীগ নেতাকে ধরে ছিলেন তাদের মধ্যে একজনকে হাসতে দেখা যায়। পরবর্তীতে আদালত চত্বরে নিয়ে যাওয়ার পর ছাত্রলীগ নেতা আবারও স্লোগান দেয় এবং এ সময় সেখানে উপস্থিত ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিলে সেই ভিডিও ফুটেজ ফেসবুক, বিভিন্ন পত্র-পত্রিকা এবং টিভি চ্যানেলে প্রচার হওয়া বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের থানা থেকে আসামির ছবি ও ভিডিও ফুটেজ নেওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়।