মংলা সংবাদদাতা : শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল চাকরি বা বাণিজ্য নয়, বরং মনুষ্যত্ব, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। জ্ঞানকে কেবল শ্রেণীকক্ষ বা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে আলোকিত ও আনন্দময় মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।
গতকাল সোমবার, ২৮ জুলাই সকালে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন।
সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির ভাষণে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পড়াশোনায় পূর্ণ মনোযোগ দেওয়ার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে। এর সাথে নিজেদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
বিশেষ অতিথি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, “স্বপ্ন দেখতে জানতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সততা, নৈতিকতা এবং দেশপ্রেমের আদর্শে নিজেদের জীবনকে উদ্বুদ্ধ করতে হবে এবং দেশের যেকোনো প্রয়োজনে আত্মনিয়োগের জন্য প্রস্তুত থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, “প্রত্যেককে নিজ নিজ স্বপ্ন লালন করতে এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। কখনো হতাশ হওয়া চলবে না। অর্থের পেছনে না ছুটে, যা করতে ভালো লাগে, সে কাজেই নিজেকে নিয়োজিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক আবু হোসাইন পনি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রশিদুজ্জামান শিশির, প্রাক্তন ছাত্র শেখ রুস্তুম আলী, প্রাক্তন ছাত্র শেখ শাকির হোসেন, এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী হাওলাদার ইমপিয়াস হোসাইন এবং দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান কার্নিজ।
সংবর্ধনার শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।