পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : ‘আর নয় ভিক্ষাবৃত্তি, চাই আত্মমর্যাদাশীল জীবন’Ñ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অটোভ্যান ও মুদি দোকানের উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন ইউএনও নাজমুল আলম। এ সময় সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ৪ জন ভিক্ষুককে অটোভ্যান এবং ২ জনকে মুদি দোকানের উপকরণ ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়। সুবিধাভোগীরা হলেনÑ হামিদা বেগম, লাল মিয়া, মমিনা বেগম, রুলি বেগম, মাহাবুর রহমান ও শাহিনুর বেগম। কর্মসূচির মাধ্যমে ভিক্ষুকদের স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্য নেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানায়।