হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কাচারি সড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি চার বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকলেও এবার তা চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিন ধরে জনবল ও যন্ত্রপাতির অভাবে বন্ধ থাকা এ ট্রমা সেন্টারটি দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপজেলা সদরের কাচারি সড়কে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার ট্রমা সেন্টারটির উদ্বোধন হয়েছিল ২০২১ সালের ৪ এপ্রিল। তবে উদ্বোধনের পর থেকেই প্রয়োজনীয় জনবল, আসবাবপত্র ও অপারেশন থিয়েটারের সরঞ্জাম না থাকায় চিকিৎসা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।
স্থানীয়দের মতে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত এক বছরে এসব দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হওয়ায় সময় নষ্ট হয়েছে এবং ভোগান্তিও পোহাতে হয়েছে। ট্রমা সেন্টারটি চালু হলে দুর্ঘটনায় আহতদের জন্য তা হবে বড় সহায়তা
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী প্রতিটি ট্রমা সেন্টারে একজন আবাসিক চিকিৎসক, তিনজন জুনিয়র কনসালট্যান্ট, ছয়জন সহকারী সার্জন, নার্স, টেকনোলজিস্টসহ মোট ৩৬টি পদে জনবল নিয়োগ করা হবে। পাশাপাশি যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
ফুটবল টুর্নামেন্ট
হাটহাজারী স্পোর্টস ক্লাবের আয়োজনে ও হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব ও রাজনীতিবীদ মোঃ অহিদুল আলম।
উদ্বোধক ছিলেন কাশেম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন আলিপ হসপিটালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল, হাটহাজারী আসক ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. বোরহান উদ্দীন, খোরশেদ, মনজু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্যোক্তা হেসেন মেহেদীকে অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করার জন্য ধন্যবাদ জানানো হয়।