সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এ সম্প্রীতি রক্ষা করতে হবে। তিনি গতকাল সোমবার বিকালে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া, ঢেমশা ও ছদাহা ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এসময় সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, চরতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার রেজাউল করিম, উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক রফিক উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফৌজুল কবির, ঢেমশা ইউনিয়ন সভাপতি নিজাম উদ্দিন, নলুয়া ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম। শাহজাহান চৌধুরী বলেন, “সব ধর্মের মানুষই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে- এ দায়িত্ব আমাদের সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকলে সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।”