কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় বর্ষিয়ান জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুল লতিফ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রোববার বেলা ১১টায় জামায়াতের বর্ষিয়ান নেতা ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাস্টার আব্দুল লতিফ দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধিতে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রোববার বেলা ১১টায় দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান পৃথকভাবে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

সাতক্ষীরা জেলা আমীর বলেন, মাস্টার আব্দুল আব্দুল লতিফ ছিলেন ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক। তার মৃত্যুতে আমরা একজন যোগ্য অভিভাবক ও সংগঠককে হারালাম। তার শূন্যতা পূরণ হবার নয়। আল্লাহ তার সমগ্র জীবনের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত দান করুন।