দুই মাদক ব্যবসায়ী আটক
মোংলা সংবাদদাতা : বাগেরহাট জেলার মোংলা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৯ আগস্ট বন্দর সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতরা হলেন— মো. বেল্লাল হোসেন (৪০) এবং মো. সগির হোসেন (৫২)। তারা দুজনেই মোংলা সদরের স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর ২টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসার পাশের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
সৌজন্য সাক্ষাৎ
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রবিউল ইসলামের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলের উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যায়যায় দিনের সংবাদদাতা হকিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও আইনের চোখ’র প্রতিনিধি আমান উল্লাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চলমান বার্তার প্রতিনিধি আব্দুল খালেক, প্রেসক্লাবের সদস্য ও ডেইলি অবজারভার প্রতিনিধি নুর আলম পুলক, প্রেসক্লাবের সদস্য ও স্বাধীন ভোরের প্রতিনিধি আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও রাজধানী টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি রুবেল ইসলাম, বাংলাদেশ সকালের প্রতিনিধি জুয়েল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
সভাপতি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধতাই হল মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ রক্ষার প্রধান হাতিয়ার। আমাদের নতুন কমিটি সকল মুক্তিযোদ্ধার সেবা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শিক্ষার্থীদের সংবর্ধনা
রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্থানীয় রাজবাড়ী কনভেনশন সেন্টারে সম্প্রতি হাফেজ মোঃ গোলাম মোস্তফার কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, জেলা শাখার সেক্রেটারী মোঃ হাসান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উদ্ভোধনী বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা আমীর, রাজবাড়ী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশীদ, অধ্যাপক (অব) ডাঃ মোঃ ইউনুস আলী মোল্লা, প্রফেসর (অবঃ) ড. মোহাম্মদ মতিউর রহমান, রাজবাড়ী জেলা স্কুলের শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নুরে জান্নাত রোজা ও হাসান রোহানী প্রমুখ।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার জিপিএ ৫ প্রাপ্ত ৫ শতাধিক ছাত্র-ছাত্রী কে সংবর্ধনা দেওয়া হয়।
ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর বয়রা থেকে কলেজ ছাত্রী তিসার (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই এলাকার একটি ৫ তলা ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিসা সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। সে যশোর জেলার অভয়নগর উপজেলার আব্দুর রউফ মোল্লার মেয়ে। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বয়রা কলেজের বিপরীতে ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে ৩ জন ছাত্রীর সঙ্গে বসবাস করত। তিসা এ ঘটনার দু’দিন আগে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসে। কিন্তু তার সাথে থাকা অপর দু’ছাত্রী তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাসায় আর কেউ না থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তিনি আরও বলেন, রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনার উদ্দেশ্যে চলে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করে তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে তিসার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল বাবা-মা আমাকে ক্ষমা করে দিও। ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিশুর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার ধরনীবাড়ি দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
আত তাইফ ওই এলাকার নয়াদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আজাদ জুয়েলের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে আত তাইফ ভাত খাওয়ার পর বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আত তাইফকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : ঘুষ বাণিজ্য ও দুর্নীতিতে জড়তি উপজেলার মামুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার মামুদনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আলমাস উদ্দিন বলেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা ২০ হাজার, ৫০ হাজার , ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মজিবর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলাউদ্দিনসহ শত শত নারী ও পুরুষ অংশ নেন।