শাল্লা সংবাদদাতা : সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংখ্যালঘু শব্দই থাকা উচিত নয়। রাষ্ট্রের মালিক সবাই। দিরাই শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য শতবছরের। গতকাল ২৯ সেপ্টেম্বর সোমবার শাল্লা উপজেলায় পূজাম-প পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দিরাই শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য শতবছরের এর চেয়ে ভালো উদাহরণ বাংলাদেশের আর কোথাও নেই। দিরাই শাল্লায় হিন্দু মুসলমানদের যে মিলবন্ধন সেটা অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা একে অন্যের সুখ দু:খ ভাগাভাগি করে চলব। সংখ্যালঘু শব্দটি থাকা উচিত নয়, এদেশে সকলের। আপনারাও স্বাধীন আমরাও স্বাধীন। এদেশে মুসলমানদের যে অধিকার হিন্দুদেরও একই অধিকার। মসজিদে আজান হবে মন্দিরে পূজা হবে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। দূর্গা পূজা উপলক্ষে শাল্লায় বিভিন্ন পূজাম-প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির। শাল্লায় তিনি প্রায় ১০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। অন্য দিকে দূর্গা পূজা উপলক্ষে শিশির মনিরের উদ্যোগে শাল্লা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় ৩০০ শাড়ি বিতরণ করা হয়।