মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হরিনাদীঘির দোকান সড়কসহ এলকার প্রায় সড়ক দীর্ঘদিন ধরে ভাঙা ও দুর্গম। প্রায় ১৫ বছর ধরে এলাকায় কোনো উল্লেখযোগ্য সড়ক সংস্কারের কাজ হয়নি। বর্ষার সময় সড়কগুলোতে খানাখন্দের ভরে যায়, কাদাপানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা যাতায়াত করতে আসে। খারাপ সড়কের কারণে তাদের দৈনন্দিন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

দীর্ঘদিন অবহেলিত এই সড়কের সংস্কার কাজে এবার এগিয়ে এসেছে সুন্দরপুর ইউনিয়নের হরিণাদিঘী ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা। তারা গত ৩০ আগস্ট সকাল থেকে বালি ও ইট ব্যবহার করে সড়ক সংস্কারের কাজ শুরু করেছেন। খানা-খন্দগুলো মেরামত করে চলাচলের জন্য অস্থায়ীভাবে পথ প্রশস্ত করা হচ্ছে।

ওয়ার্ড জামায়াতের সভাপতি বেলাল উদ্দিন সিকদার বলেন, দীর্ঘ সময় ধরে আমাদের এলাকার রাস্তা উন্নয়নের বাইরে ছিল। রাজনৈতিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক সংস্কার হয়নি। আমরা নিজেদের উদ্যোগে চলাচলের জন্য সড়কগুলো সংস্কার করছি। আমরা আশা করি উপজেলা প্রশাসন পুরো এলাকা পরিপূর্ণভাবে ব্লক বা কার্পেটিং করে নতুন রূপে সংস্কার করবে, যাতে দীর্ঘমেয়াদী সুবিধা আসে। প্রশাসনের প্রতি আমরা এই পরিপূর্ণ সংস্কারের জন্য আবেদন জানাই।

স্থানীয় ব্যবসায়ী আনোয়ারুল আজিম বলেন, হরিনাদীঘির দোকান সড়ক ব্যবহার করে আমাদের ব্যবসা চলে। দীর্ঘদিন খারাপ সড়কের কারণে চলাচলে সমস্যা হত। স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে অন্তত কিছুটা স্বস্তি পেলাম। প্রশাসন যদি পুরো এলাকা পরিপূর্ণভাবে সংস্কার করে, তবে এলাকার মানুষ ও শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন অনেক সহজ হবে।