গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ইউনিয়নের নলডাঙ্গা নামাপাড়া গ্রামের জব্বার কসমেটিক্সের বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় পুকুরপাড়ে ছাগল চরাতে গিয়ে এক নারী পানিতে ভাসমান লাশটি দেখতে পান। তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দ্রুত বিষয়টি জানাজানি হয়ে যায়। এসময় অসংখ্য মানুষ লাশটি দেখতে ভিড় করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান থানা পুলিশকে খবর দিলে, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করেন। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় পাঠায়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রহস্যজনক এই মৃত্যু নিয়ে নানান আলোচনা-সমালোচনাও চলছে।