মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: বাংলায় একটি প্রবাদ আছে “মাছে-ভাতে বাঙালি” এ প্রবাদটি এখন যেন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ। বাস্তব জীবনে তার কোনো প্রতিফলন নেই। ইলিশের ভরা মৌসুম হলেও নরসিংদীর মাধবদী বাজারে এখনো আকাশছোঁয়া ইলিশের দাম। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। মাধবদী বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তবু দাম সেই অর্থে কমছে না। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম ছিল আকাশচুম্বী। এখন কিছুটা কমেছে, তবে সেটিও অনেক বেশি। ভরা মৌসুমেও তাই ইলিশের ঘ্রান নিতে পারছে না মধ্যবিত্তরা। মাধবদী বাজারে সরবরাহ বাড়ায় ছোট-বড় সব সাইজের ইলিশের দাম কেজিপ্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তাতেও ১ কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ২ হাজার টাকার বেশি। আবার মাধবদী ও পাঁচদোনা বাজারের তুলনায় আশপাশের ছোট-খাট বাজারগুলোতে ইলিশের দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।

রোববার সকালে মাধবদী ও এর আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মাধবদী বাজারে আড়ত থেকে ভোরে আসা পাইকারি ইলিশ মাছগুলো সারাদিনই খুচরায় বিক্রি হয়। পাইকারিতে কিনে ১০০ থেকে ২০০ টাকা লাভে বিক্রি করতে দেখা যায় বিক্রেতাদের।

মাধবদী বাজারের ইলিশ বিক্রেতা মহসিন মিয়া বলেন, প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়, আধা কেজি ওজনের ইলিশ ১৩০০ টাকা ও ছোট ইলিশ (৩ পিসে ১ কেজি) বিক্রি হচ্ছে ৮০০ টাকা। দামের ফারাক হয় চট্টগ্রামের ও পদ্মার ইলিশের জন্য। চট্টগ্রামের ইলিশের দাম কম। পদ্মার ইলিশের চাহিদা বেশি।

মাধবদী বাজার থেকে ৭০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ কিনেছেন বাবুল মিয়া তিনি বলেন, ১৪০০ টাকা কেজি দরে নিয়েছি। পদ্মার ইলিশ বলে দিয়েছে। মৌসুমে প্রথমবারের মতো ইলিশ কিনলাম। বাজারে প্রচুর ইলিশ আছে। তবে বড় ইলিশ ২ হাজারের নিচে নাই। আমর ছোট ইলিশের ওপরেই ভরসা।