ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশী নাইন এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
সম্প্রতি ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের এস.আই আব্দুল রাজ্জাক ও মাহবুব আলম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ঝগড়া থামানোর একপর্যায়ে উপস্থিত শাকিল নামের এক যুবকের কোমরে সন্দেহজনক বস্তু দেখা গেলে তল্লাশির চেষ্টা করেন পুলিশ।
তখন শাকিল দৌড়ে পালিয়ে যায়। তাকে চৌমুহনী বাজার এলাকায় ধাওয়া করে আটক করার চেষ্টা করা হলেও তার সহযোগীদের ধস্তাধস্তির মধ্যে সুযোগে পালিয়ে যায়। তবে এসময় শাকিলের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
শাকিল উক্ত এলাকার শাহ আলমের পুত্র।
ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, উদ্ধার করা অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।