হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন সড়কের পাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই এলাকায় নির্মাণাধীন অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আশপাশের অন্যান্য অবৈধ দখল ও স্থাপনার বিষয়ে ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।