বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে অবস্থিত “শান্তির ঠিকানা” গণকবরস্থানে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে গণকবরস্থানের পরিচালনা কর্তৃপক্ষ। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিনিধি মো. মুশফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি দুপুরে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণকাজ চলাকালে স্থানীয় আবুবকর শিপন, নাহিদ, কালাম, সোহেল ও জব্বার মৃধাসহ কয়েকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি।

এসময় স্থানীয় মদনপুরা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা বাঁধা দিলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। পরে ১৪ ফেব্রুয়ারি এ ঘটনায় বাউফল থানায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত আবুবকর শিপন এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার তদন্ত করছেন থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম। তদন্ত শেষ হওয়ার আগেই আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।”

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে চাঁদাবাজি ও হামলার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।