দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দির বলদাখাল থেকে মতলবগামী সড়কটির কাজ দেড় বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও চার বছরেও তা অর্ধসমাপ্ত। দীর্ঘসূত্রিতা, ভূমি অধিগ্রহণের জটিলতা ও ঠিকাদারের গাফিলতিতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা ও এলাকাবাসী।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে দাউদকান্দি থেকে শ্রীরায়েরচর পর্যন্ত সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় জমির মালিকরা জমি ছাড়তে অনাগ্রহী। ফলে কাজ থমকে আছে। অথচ এ সড়কটি চালু হলে রাজধানী ঢাকা, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ আশপাশের জেলাগুলোর সঙ্গে যোগাযোগ সহজ হতো। কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন অংশে বড় গর্ত তৈরি হয়েছে, নিয়মিত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে খালিশা বাজার, গোয়ালমাড়ী বাজার, কয়রাপুর ও পদুয়া এলাকায় যানজট ও দুর্ভোগ চরমে। খালিশা বাজারের ব্যবসায়ী আব্দুল বাতেন বলেন, “ব্রিজের গোড়ায় যানজট লেগেই থাকে, কখনো এক–দুই ঘণ্টা আটকে থাকতে হয়।” স্থানীয় চালকেরা জানান, অসমাপ্ত খননকাজের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, অনেক সময় নিজেরাই ইট–বালু দিয়ে গর্ত ভরাট করছেন।
ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিক রুহুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “জমি নিয়েছে, কিন্তু টাকা দেয়নি। টাকা না পেলে জমি ছাড়ব না।”
এ বিষয়ে ঠিকাদার মো. বাকী মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “ভূমি অধিগ্রহণের টাকা সংক্রান্ত জটিলতার সমাধান প্রক্রিয়াধীন। সমাধান হলে দ্রুত কাজ শুরু করা হবে।”