কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জের এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত এবং পরে প্রতারণার অভিযোগে সাব্বির আহমেদ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী তরুণী বাদি হয়ে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ থানায় মামলা করেন।
গ্রেপ্তার যুবক কালিগঞ্জের নারায়ণপুর গ্রামের মহসিন গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
মোংলা : বাগেরহাটের মোংলা উপজেলায় প্রাক্তন স্বামীর নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারালেন রঞ্জিলা বেগম (৩৯)। তালাক দেওয়ার মাত্র এক মাস পরই সাবেক স্বামী গোলাম মওলা দুলালের (৪৫) হাতে নৃশংসভাবে নির্যাতিত হয়ে মৃত্যু হলো এই নারীর। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হামলার শিকার হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ আগস্ট) সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী দুলালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ০১টি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের আগিজাল গ্রামের হাজী মোঃ ওয়ারিদ আলীর পুত্র মোঃ আব্দুল মজিদ (৩৩) এর রান্না ঘরের সামনে ইটের স্তূপের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ছাতক থানার কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এবং যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল মজিদ এর রান্না ঘরের সামনে ইটের স্তূপের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী রিভলবারটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, অস্ত্রটি বর্তমানে ছাতক থানা পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্বার করেছে নাগরপুর থানা পুলিশ। গত দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে এ লাশ উদ্বার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের কয়েকজন বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখতে পেয়ে আশ পাশের লোকজন কে খবর দেয়। পরে মোকনা ইউপি সদস্য আফজাল ঘটনাস্থলে এসে থানায় খবর দেন। সংবাদ পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত হন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত জেরে এক সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বইলগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ইউনুস আলী ও তার ছেলে ইমরান হোসেন, ইকবাল হোসেন, আবু বক্কর ও মোজহার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শনিবার বেলা ১১টায় একই গ্রামের মুনছুর আলীর একটি জমি দখল করতে যায়। এসময় মুনছুর আলী ও তার ছেলেরা বাঁধা দিলে ইউনুস আলী ও তার ছেলেরা এদের বেধড়ক মারধর করে। এতে মুনসুর আলীর পা ভেঙে যাওয়া সহ গুরুতর আহত হয়। সেই সাথে তার ছেলে নয়ন মিয়া ও হেলালের মাথা ফেটে যায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ইউনুস আলী ও তার ছেলেরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে জড়িত। এরা ক্ষমতাসীন থাকা অবস্থায় এ গ্রামে জমি দখল সহ নানা অপকর্মে জড়িত ছিল। এখনও তারা এ ধারা অব্যাহত রেখেছে। সংঘর্ষের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সাদুল্লাপুর : গাইবান্ধার সাদুল্লাপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
আটককৃত হলে পলাশবাড়ীর রফিকুল ইসলাম (২৫) ও সাদুল্লাপুরের শাওন মিয়া। যাত্রীবেশে তারা ভ্যানচালকের ওপর হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে চালকের চিৎকারে লোকজন এগিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়।
পরে আটক দু’জনকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে মাত্র ৭ বছর বয়সের এক শিশুকণ্যাকে পৌন নিপীড়নের অভিযোগে গাজী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্ধিহান হিসাবে এনামুল হক দুলাল (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এনামুল হক দুলাল আদমদীঘির সদরের ডহরপুর গ্রামের ছামসুর রহমানের ছেলে।