চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটে চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী এলাকার শাহ আমানত কলোনি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে আনোয়ার হোসেন প্রতিবন্ধী তরুণী রাজিয়া আক্তারকে (২১) নগদ টাকা ও বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম রাজিয়া শাহ আমানত কলোনির বাসিন্দা মো. কবির ও ফাতেমা বেগমের মেয়ে।
ঘটনার পরপরই ভিকটিমের বাবা মো. কবির বাদী হয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা নং-৩০, তারিখ ৩০-০৯-২০২৫ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে ভিকটিমকে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কো-অর্ডিনেটর বিভাগে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্জুর কাদের ভুইঁয়া বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।