লুৎফুর রহমান শাওন, ছাতক : সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎ সংযোগ ও লাইন সংস্কারের নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ-এর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে গত বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুল ইসলাম নয়ন এ চার্জশিট দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, সিলেট পিডিবি প্রকল্পের আওতায় ছাতকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কারের নামে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে কোটি টাকা হাতিয়ে নেয়। এই চক্রে ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হাজী শহিদুল তালুকদার, তার ভাই কামাল তালুকদার, শ্যালক মাসুম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান ওরফে ফাহাদ, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাউয়াবাজার ইউনিয়নের যুবলীগ নেতা ছাদ মিয়া, কৈতক গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফ আলী, এবং সুনামগঞ্জ-০৫ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ঘনিষ্ঠ সহযোগী আজিজ রহমানসহ আরও কয়েকজন। ঘটনার সূত্রপাত হয় গত ১৭ মার্চ রাতে, যখন সেনাবাহিনীর টহল দল দেওকাপন গ্রামে অভিযান চালিয়ে দুই প্রতারককে হাতে নাতে আটক করে। এরপর মামলাটি রুজু হলে তদন্তে পুরো চক্রের তথ্য উদঘাটিত হয়। তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুল ইসলাম নয়ন বলেন, বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছি।
তদন্ত শেষে ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গ্রাহকরা নিশ্চয়ই এবার সুবিচার পাবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খান বলেন, চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে দু’জন আটক হয়েছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে একটি বৃহৎ প্রতারণা চক্রের তথ্য মেলে। আমরা পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করেছি। ভুক্তভোগী গ্রাহকরা জানিয়েছেন, যাদের কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তারা যেন কোনোভাবেই শাস্তি থেকে রেহাই না পায় এটাই আমাদের একমাত্র দাবি।